রেল কর্তৃক অবিবেচনা প্রসূত বৃক্ষ ছেদন ও বিপন্ন পক্ষীকূল প্রতিবাদে আশ্রয়
সেখ আব্দুল আজিম (হুগলি ) : ৩০ জুলাই ২০২৪আশ্রয় (হোম এন্ড হসপিটাল ফর এ্যানিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন) হুগলী জেলায় পশুপাখি নির্যাতনের বিরুদ্ধে, পশু অধিকার রক্ষায় ও পশুপাখিদের পাশে থেকে তাদের যাপনে সহযোগিতা করার কাজ করে আসছে। পাশাপাশি ঐ বিষয়ে সচেতনতার কর্মসূচিও নিয়মিত পালন করে। অদূর ভবিষ্যতে একটা পশুহাসপাতাল ও আশ্রয় কেন্দ্র গড়ে তোলাও অন্যতম লক্ষ্য। গভীর পরিতাপের সঙ্গে সমাজ মাধ্যম ও সংবাদমাধ্যম স্থানীয় মানুষের থেকে জানা যায় গত ২৯ জুলাই ২০২৪ রিষড়া রেলওয়ে স্টেশনে নির্মম ভাবে কিছু গাছ কাটা হয়। ফলে ঐ গাছে বসবাসকারী প্রায় দুই শতাধিক পানকৌড়ি, বকসহ নানা প্রজাতির পাখি বিপন্ন হয়। প্রসঙ্গত “মর্ডান স্টেশন”-এর অজুহাতে, ভারতীয় রেলওয়ে স্টেশন ও তার সংলগ্ন স্থানে পূর্ণ বয়স্ক গাছও নির্বিচারে কেটে ফেলছে সম্পূর্ণ অবৈজ্ঞানিক ভাবে৷ অথচ, গাছ প্রতিস্থাপনের বিষয়টি রেলের অজানা নয়। সম্প্রতি সংবাদমাধ্যমে হাওড়া স্টেশনে গাছ প্রতিস্থাপনের সংবাদও প্রকাশিত হয়েছে। অবিবেচনা প্রসূত ঐ বৃক্ষ নিধনের ফলে, সঙ্গীন অবস্থা হয়েছে , গাছে থাকা সাধারণ বিলুপ্তপ্রায় দেশীয় পাখীদের। ২৯.০৭.২০২৪, রিষড়া স্টেশনে গাছ কাটার জন্য, মৃত্যু মুখে পতিত হয়েছিল প্রায় ৫০ -এর উপর বক ও পানকৌড়ি শাবক। কিছু শাবক বনদপ্তর উদ্ধার করেছে৷ কিছু স্থানীয় মানুষ, কিছু মারাও গেছে, কিন্তু বাকি শিশু ও পূর্ণ বয়স্ক পক্ষীদের খবর আজ অজ্ঞাত৷ এই দায় এড়িয়ে যেতে পারেনা ভারতীয় রেল কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র দায় ঠেলেছেন ঠিকাদার সংস্থার উপর। কিন্তু আশ্রয় (হোম এন্ড হসপিটাল ফর এ্যানিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন) আজ রিষড়া স্টেশনে স্টেশন ম্যানেজারের কাছে প্রশ্ন তোলে, ঠিকাদার সংস্থার কাজের উপর নজরদারি করার দায়িত্ব তো রেল কর্তৃপক্ষের। যদি যথাযথ নজরদারি থাকত, তাহলে নিরীহ অবলা পাখিদের উপর নৃশংস আক্রমণ করে তাদের গৃহহারা করা হত না। আশ্রয় দাবি করে, ঠিকাদার সংস্থা এবং দোষী রেল কর্মীদের বিরুদ্ধে এফ আই আর ও আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার।পাশাপাশি এই দাবীও করা হয় জলবায়ু পরিবর্তনের কুফল মাথায় রেখে ভবিষ্যতে নির্মম বৃক্ষছেদন বন্ধ করুক রেল। প্রায় শখানেক পশু ও পরিবেশ প্রেমী মানুষ বুকে পোষ্টার নিয়ে স্টেশনে অবস্থান করেন। অবস্থান চলাকালীন খবর আসে এখনও কাটা গাছগুলোর নীচে আটকে আছে পক্ষীশাবকরা। আশ্রয় কর্মিরা স্থানীয় মানুষের সহযোগিতায় তাদেরও উদ্ধার করে বন দপ্তরের আধিকারিকের হাতে তুলে দেয়। কিন্তু আশংকা আরও পাখি আটকে আছে। বনদপ্তরের কাছে আবেদন জানায় তাদেরও উদ্ধার করার।সার্বিক সহযোগিতা করে রিষড়ার কথা সাংস্কৃতিক সংগঠনও।

