ওদেরকে বাঁচতে দিন
সব পশুদের ই এই পৃথিবী তে বাঁচার সমান অধিকার আছে।বিপুলা এই ধরণীতে অসংখ্য জীবের বাস। এই পৃথিবীতে সকলেরই সমান মর্যাদা ও নিরাপদে বসবাস করার অধিকারও আছে। বস্তুত তা না হলে পৃথিবীও টিঁকবে না। কেননা প্রকৃতি একে অন্যের পরিপূরক হিসাবেই সৃষ্টি করেছে সকল প্রাণের। কিন্তু প্রায়শই আমরা দেখি পশুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে, এবং তা ক্রমবর্ধমান। যা আমাদের বিচলিত করছে। জেলার বিভিন্ন জায়গা, চুঁচুড়া, চন্দননগর, পোলবা, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, রিষড়া, জনাই, চন্ডীতলা,ডানকুনি প্রভৃতি জায়গা থেকে পশু নির্যাতন / হত্যার অভিযোগ এসেছে। সম্প্রতি উত্তরপাড়া থেকেও একটি পথসারমেয়কে হত্যার অভিযোগ আসে। প্রতিটি ক্ষেত্রেই আমরা আমাদের সাধ্যমতো প্রতিবাদ, অভিযোগ করেছি।প্রয়োজনে মামলা মোকদ্দমাও করেছি। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচি নেওয়ার চেষ্টা করছি। অবলা পশুপাখির উপর নির্যাতন করে যাঁরা সুখ অনুভব করেন, আসলে সেটা তাঁদের গভীর অসুখ তা তাঁদের বোধের বাইরেই থেকে যায়। কিন্তু প্রাণী অধিকার আইন অনুযায়ী পথসারমেয় ও অন্যান্য পশুপাখিদেরও নিজের মতো করে সসম্মানে জীবন যাপনের পূর্ণ অধিকার আছে। কোনো পশুর উপর যে কোনো রকম নির্যাতন করা, আঘাত করা, হত্যা করা শাস্তি যোগ্য অপরাধ। এমনকি কোনো পশুকে তার বাসস্থান থেকে উচ্ছেদ করা যায় না। যদি কেউ পশুদের চিকিৎসা পরিষেবা বা খাবার দিয়ে বাঁচতে সহযোগিতা করেন তাঁকে বাধা দেওয়া বেআইনি কাজ। যদি কেউ বাধা দেয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সংস্থান আইনে আছে। যদি কেউ এই কারণে শাসায়, হুমকী দেয়, ভয় দেখায় তার বিরুদ্ধে পুলিশ / প্রসাশনে অভিযোগ করা যাবে। উল্লখ্য এই অভিযোগে পুলিশ গ্রেফতার করতে পারে। পরিবহন দফতরের নির্দেশিকা অনুযায়ী কোনো সুস্থ / অসুস্থ পোষ্যকে কোনো ট্যাক্সি চালক তাঁর গাড়িতে তুলতে অস্বীকার করতে পারেন না। প্রতিটি ভারতীয় নাগরিকের অধিকার আছে নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া ও ক্ষুধার্থকে নিজ ব্যায়ে খাদ্য দেওয়ার। বন্যপ্রাণী সংরক্ষণেও আছে বহু আইনি নির্দেশনা। পাখি খাঁচায় পোষাতেও আছে নানা বিধিনিষেধ। কোনো মালিকানা বিহীন সারমেয়কে তার নিজস্ব বসবাসের জায়গা থেকে অন্য কোনো জায়গায় ছেড়ে দেওয়া বা সরানো যায় না।যদি কোনো ব্যাক্তি/গোষ্ঠী এমন করে তা শাস্তি যোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। পশুপাখির চিকিৎসা পাওয়ার অধিকারটিও সুনির্দিষ্ট। তবু আহত, অসুস্থ প্রাণীরা বেশিরভাগই বিনা চিকিৎসায় মারা যায়! সচেতনতা কর্মসূচির অঙ্গ হিসাবে ৮ জুন ২০২৪ সন্ধ্যা ৬ টায় উত্তরপাড়া সখের বাজার থেকে গৌরী সিনেমা হল পর্যন্ত এক সচেতনতা যাত্রার আয়োজন করি।ঐ যাত্রায় পা মেলান সমাজের সর্বস্তরের মানুষ। বর্ণময় ঐ যাত্রায় ছিল পশু নির্যাতন বিরোধী পোস্টার। সচেতনতায় ছিল লিফলেট। শব্দবিধি মেনে বাজানো হয় মাইক। পা মেলান অবসরপ্রাপ্ত ষাটোর্ধ প্রবীণ নাগরিক থেকে সদ্য ইস্কুল পেরোনো তরুণ- তরুণী। এমনই অংশগ্রহণকারী তরুনী নবনীতা বলেন, পশুরা মানুষকে জীবন দিয়ে ভালবাসে আর মানুষ সামান্য সহানুভূতিও দেখাতে কার্পণ্য করে। এমনটা সভ্যতা নয়।পরিবেশ কর্মী মাবুদ আলি বলেন, জীবজন্তুদের ভালবেসে যে আনন্দ তা আর কিছুতেই পাওয়া যায় না।আশ্রয় সভাপতি ভাস্কর চ্যাটার্জি বলেন, মানুষের ভাবনায় বদল আনার সময় এসেছে, না হলে মানুষের বিপদই বাড়বে। সম্পাদক গৌতম সরকার বলেন, যাঁরা আজ ভাবছেন পৃথিবী শুধুই মানুষের, তাঁরা ভুল ভাবছেন। প্রকৃতি সকল প্রাণকে সৃষ্টি করেছে, সকলেরই কোনো না কোনো ভূমিকা আছে পৃথিবীতে।


