সবার ওপর মানুষ সত্য
(সেখ আব্দুল আজিম তারকেশ্বর হুগলি) শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে হুগলির তারকেশ্বরে শিব-ভক্তদের ভিড়। ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে মন্দিরে যান ভক্তরা। আর সেই ভক্তদের সেবা করতে এগিয়ে এলেন যিনি তার নাম মাবুদ আলি। চারিদিকে যখন সাম্প্রদায়িক বিষবাষ্প ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মানব ধর্ম পালন করলেন তিনি।বৈদ্যবাটি বা শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে রবিবার দুপুর থেকেই তারকেশ্বর মন্দিরের দিকে যাচ্ছেন লক্ষ লক্ষ পূণ্যার্থী। কেউ ৩০, কেউ ৪০ কিলোমিটার রাস্তা হেঁটে যাচ্ছেন ওই মন্দিরে। পথে তাদের কেউ এগিয়ে দেন খাবার, কেউ দেন জল। রবিবার দেখা গেল পায়ে ব্যাথা কমানোর ওষুধ দিচ্ছেন মাবুদ আলি, দিচ্ছেন জল, বিস্কুটো।মাবুদ আলি মনে করেন বাংলা হল সম্প্রীতির জায়গা আর মানব সেবাই হল আসল ধর্ম। তাই কোন ধর্মের মানুষকে সেবা করছেন, তা আলাদা করে ভাবেন না তিনি। মানুষের সেবা করেই পৃথিবী ত্যাগ করতে চান মাবুদ। তিনি বলেন, “কে কী ফতোয়া দিল, তাতে আমি গুরুত্ব দিই না। অনেক কষ্ট করে ওরা যাচ্ছে। ৮-১০ ঘণ্টা খালি পায়ে হাঁটছে। এই বিশ্বাসটাই তো বড় কথা।” ধর্মের প্রতি এই বিশ্বাসটাই নাড়িয়ে দিয়েছে মাবুদ আলিকে। তাই ডানকুনি থেকে মানুষের সেবা করতে তিনি ছুটে গিয়েছেন তারকেশ্বরে। তাঁর কথায়, ‘যে যার ধর্ম, সে তার মতো পালন করুক, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম।

